Social Icons

Tuesday, 10 November 2015

ধৈর্য-সাফল্যের পেয়ালা

রাস্তা দিয়ে হেটে যাচ্ছিল জীর্ণশীর্ণ স্বাস্থ্যের এক মধ্যবয়সী লোক। কিছুদুর হেটে যাবার পর ছোট্ট একটি গর্তমত জায়গায় লোকটি হঠাৎ পা পিছলে পড়ে গেলেন। লোকটির এমন পড়ে যাওয়া দেখে উপস্থিত লোকজন হেসেই খুন , যেন তারা বিশেষ কোনো রঙ্গ-সার্কাস দেখছে!!
পড়ে যাওয়া লোকটি কাউকে কিছু বললেন না। তিনি শুধু আশেপাশের লোকজনের দিকে তাকাতে লাগলেন আর সেই গর্তটির ভেতর লক্ষ্য করতে লাগলেন। কিছুক্ষণ পর লোকটি নিজেও হাসতে হাসতে উপরে উঠে আবার নিজের রাস্তা ধরে এগোতে লাগলেন।
এমন ঘটনার ঠিক পরদিন ওই লোকটি আবার ওই রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলেন এবং বিগত দিনের মতো
আজও সেই একই গর্তে পড়ে গেলেন। উপস্থিত লোকজন আবারও সেই বিগত দিনের মতো হাসি ঠাট্টা করতে লাগলো। পড়ে যাওয়া লোকটি আজও কোনো উত্তর না দিয়ে নিজেও হাসতে হাসতে গর্ত থেকে বেরিয়ে এলেন এবং নিজের রাস্তা ধরলেন।
এভাবে পরপর কিছুদিন লোকটি ওই একই রাস্তা দিয়ে যাওয়া-আসা করতে লাগলেন আর প্রত্যেকবারই ওই গর্তের ভেতর পড়তে লাগলেন আর উপস্থিত লোকজনও তাকে তখন "আস্ত একটা বোকা" নামে ডাকতে শুরু করলো।
এরপর কেটে যায় কয়েক সপ্তাহ। এই ক 'দিনে আর লোকটি ওই রাস্তা দিয়ে আসেননি। এমনকি এলাকার কেউই আর ওই লোকটিকে দেখেনি।
এভাবে আরও কিছুদিন পর সবাইকে চমকে দিয়ে লোকটি আবারও সেই রাস্তা ধরে আসতে লাগলো, তবে এবারে আর পায়ে হেঁটে নয়- বরং সাথে বিশাল অশ্বারোহীসহ কয়েকজন পাহারাদার। তারা আবার বহন করছে বিশাল বিশাল আকারের একেকটি বোঝা। উপস্থিত লোকজন সবাই সেই লোকটির এমন অবস্থা দেখে একেবারে তাজ্জব বনে গেল।
হাসি ঠাট্টাকারি ওইসব লোকগুলোকে দেখে সেই মধ্যবয়সী লোকটি দাঁড়িয়ে গেলেন। তিনি তাদেরকে উদ্দেশ্য করে বললেন-"বুঝতে পারছি তোমরা চমকে গেছ। এখন আমার কাছে তোমাদের কোনো কিছু জানার আগ্রহ থাকলে বলতে পারো"?
উপস্থিত লোকজন তখন প্রশ্ন করলো আপনার এমন অবস্থা হল কি করে!!
লোকটি তখন বললেন- "যেদিন প্রথম আমি অসাবধানতাবশত গর্তে পড়ে গিয়েছিলাম তখন তোমরা আমাকে দেখে হাসছিলে অবশ্য আমিও তখন হেসে উঠেছিলাম। কারন আমি যে গর্তের ভেতর পড়ে গিয়েছিলাম সেখানকার মাটিতে দেখি কিছু একটা জিনিস চিকচিক করছে। হাতে তুলে দেখি সেগুলো আর কিছুই নয়-বরং খাঁটি হীরে। তাই তখনই যতখানি পারি সেখান থেকে হীরে কুড়িয়ে নিয়েছিলাম। পরবর্তী দিনগুলোও আমি পড়ে যাবার ভান করে ওই গর্ত থেকে অসংখ্য হীরে কুড়িয়ে নিয়েছিলাম আর হেসেছিলাম। আফসোস তোমাদের জন্য,যদি আমাকে দেখে না হেসে বরং তোমরাও গর্ত থেকে হীরে কুড়িয়ে নিতে তাহলে তোমরাও আজ অনেক উচ্চ মর্যাদার অধিকারী হতে পারতে। আজ আমি দেশের অন্যতম একজন ধনী ব্যক্তি।"
কথাগুলো বলে লোকটি বিদায় নিল আর উপস্থিত লোকজন নিজেদের ভুল বুঝতে পেরে নিজেরাই নিজেদের তিরস্কার করতে লাগলো।
----------
আপনার শ্রম আর কাজগুলোকে হয়তো কেউ অবমাননা করবে। এমনকি আপনার কাজগুলোর জন্যই হয়তো আপনাকে হতে হবে অপমানিত। কখনও বা আপনার কাজের মূল্য হয়তো কেউই দিবে না। তবু ভুলে গেলে চলবে না, যা কিছু আপনি করছেন তার ফলগুলো আপনার সামনের মানুষগুলোর হাতে নয় বরং ফলগুলো রয়েছে ঐ সব কাজের ভেতরেই যা আপনি অর্জন করতে পারবেন ঐ সকল কাজগুলো করার মাধ্যমেই!!
সুতরাং মন খারাপ করবেন না কে কী বলছে বা করছে তাই ভেবে। বরং লেগে থাকুন আর ধৈর্য ধরুন। দেখবেন সাফল্যের পেয়ালা অবশ্যই আপনার হাতে শোভা পাচ্ছে!!!

No comments:

Post a Comment

 
Blogger Templates